
লক্ষ্মীপুরের রামগঞ্জে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মেহেরাজ উদ্দিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে রামগঞ্জ-চাটখিল সড়কের কচুয়া আল হেরা স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মেহেরাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মেজবা উদ্দিনের ছেলে। সে কচুয়া আল হেরা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মেহেরাজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসের চালক আবু তাহের কচুয়া ওয়াহেদ আলী পাটোয়ারী বাড়ির ইউনুস মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। অল্প বয়সী এক শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।




