বিজ্ঞাপন

সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান আহমেদ জাফরের

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | দুপুর ০১:১০
শেয়ার করুন:

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। পেশাগত কাজে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায়, হয়রানি বা অনিয়ম হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষায় একটি পৃথক আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

আহমেদ আবু জাফর বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা মামলা, হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

তিনি সংগঠনের সদস্য ও নেতাকর্মীদের পেশাগত অধিকার রক্ষায় সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ শাখা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সকলের অংশগ্রহণের মাধ্যমে দ্রুত শাখা কমিটি গঠন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বরগুনায় পত্রিকার প্রতিনিধি আসাদ সবুজের নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান আহমেদ আবু জাফর।

একই সঙ্গে আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অমানবিক হয়রানি ও জুলুমের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততায়ও উদ্বেগ প্রকাশ করেন বিএমএসএফ সভাপতি।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর।

বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, বাকেরগঞ্জ শাখা কমিটির সভাপতি জিয়াউল হক আকন, আরেফিন ফিরোজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।