ছেলেকে দেখতে থানায় গিয়ে বাবা আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে দেখতে থানায় গিয়ে আটক হয়েছেন তাঁর বাবা। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম সাব্বির আহমদ (২১)। তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তাঁর বাবা আব্দুল মান্নান (৫৮) চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে পুলিশ আটক করে। ছেলেকে আটকের খবর পেয়ে আব্দুল মান্নান তাঁকে দেখতে সোনাইমুড়ী থানায় যান। সেখানে পুলিশ তাঁকেও আটক করে।
পরে পুলিশ বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। শুক্রবার বিকেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় বাসিন্দা রাসেল মাহমুদ জানান, সাব্বিরকে দেখতে থানায় যাওয়ার পর তাঁর বাবাকেও আটক করা হয়। আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো মামলায় আসামি হওয়ার তথ্য স্থানীয়ভাবে তাঁদের জানা নেই বলেও তিনি জানান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করছিলেন। এ কারণে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা হয়েছে। পরে বাবা-ছেলেকে একই আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।















