শিবালয়ে তরুণদের নিয়ে সচেতনতামূলক আয়োজন

মানিকগঞ্জ প্রতিনিধি:
‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী সমাবেশ ও গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ১ নম্বর তেওতা ইউনিয়নের ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী ও সমাজসেবক শায়লা কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা বিএনপির সদস্য মো. রহমত আলী ব্যাপারী লালটু, শিবালয় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হেলালুন আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির আহ্বায়ক এস এম বাবল হোসেন (বাবু)। সঞ্চালনা করেন তেওতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. মাজেদ মিয়া।
সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে খেলাধুলার প্রসার এবং গ্রামীণ লোকজ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। লাঠিয়ালদের বিভিন্ন কসরত ও নৈপুণ্য দেখতে তেওতা ও আশপাশের এলাকা থেকে নানা বয়সী মানুষ সেখানে জড়ো হন। খেলাকে ঘিরে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের ভাষ্য, তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজন বাস্তবায়নে তেওতা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা সার্বিক সহযোগিতা করেন।













