বিজ্ঞাপন

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | দুপুর ০৪:০২
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় প্রকল্পটির উদ্বোধন করা হয়।

১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পটি গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ফেনীর দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসনের পাশাপাশি ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা হবে। এছাড়া ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর ফুলগাজী উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে মুহুরী-কহুয়া নদীসংলগ্ন এলাকার পানি নিষ্কাশন, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।