বিজ্ঞাপন

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ০৩:৩৪
শেয়ার করুন:

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি চলমান থাকবে।

ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও পুলিশের কয়েকজন কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টিরও অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলাম খান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—আজকের ঘটনায় সেটি প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর দাবি, অভিযানের সময় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন এবং ঘটনায় জড়িতদের অনেককেই ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।