গড়পাড়ায় সামাজিক সচেতনতা বাড়াতে উদ্যোগ মাসুদের

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নকে মাদকের বিস্তার থেকে মুক্ত রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ।
তিনি বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্ম নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দেওয়ান মাসুদ বলেন, গড়পাড়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গড়পাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে ইউনিয়নের বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগ এবং জনপ্রতিনিধির কার্যকর ভূমিকার মাধ্যমে ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।













