বিজ্ঞাপন

পরকোট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চাইলেন মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সন্ধ্যা ০৭:৩৮
শেয়ার করুন:

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নকে শান্তিপূর্ণ, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান। তিনি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়ার কৃতী সন্তান মোস্তাফিজুর রহমান সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে মোস্তাফিজুর রহমান বলেন, ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চান তিনি। পাশাপাশি বিভিন্ন এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করে পরকোট ইউনিয়নকে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান।

তিনি আরও বলেন, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চান। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাকে তিনি নিজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, এসবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে চান। একই সঙ্গে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুন্দর সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে চান তিনি।

দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মোস্তাফিজুর রহমান বলেন, উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেবেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।