বিজ্ঞাপন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:৩২
শেয়ার করুন:

ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

আজ সোমবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮২ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

এর আগে গত বৃহস্পতিবারও তেলের বাজারে বড় উত্থান দেখা যায়। সেদিন ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬০ ডলারে উঠেছিল। একপর্যায়ে দাম প্রায় ১০৮ ডলারে পৌঁছায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে—এমন খবর প্রকাশিত হলে শুক্রবার ব্রেন্টের দাম কমে ১০৫ দশমিক ৭ ডলারে নেমে আসে।

বর্তমানে তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালিকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পরিবহন করা হয়।

ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এরই প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।

সূত্র: আলজাজিরা।