পরকোটে মানুষের পাশে থাকার প্রত্যয় আলমগীরের

নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সমাজসেবক আলমগীর কবির ভূঁইয়া। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।
আলমগীর কবির ভূঁইয়া পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দলের বিভিন্ন সময়ের কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। পাশাপাশি পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
স্থানীয় পর্যায়ে শিক্ষিত, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত আলমগীর কবির ভূঁইয়া। দশঘরিয়া বাজারকে কেন্দ্র করে ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আলমগীর কবির ভূঁইয়া বলেন, দলের দুঃসময়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিকূলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দল মনোনয়ন দিলে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পরকোট ইউনিয়নের মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করবেন। পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের বিভিন্ন সমস্যা কমাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে ইউনিয়নের রাস্তাঘাটসহ চলমান ও অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলমগীর কবির ভূঁইয়া বলেন, সামাজিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে পরকোট ইউনিয়নকে সুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও তুলে ধরেন তিনি।
সবশেষে দলীয় নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন আলমগীর কবির ভূঁইয়া।













