বিজ্ঞাপন

শান্তিপূর্ণ বদলকোট গড়ার প্রত্যয় উজ্জ্বল সুমনের

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ০৪:৪৭
শেয়ার করুন:

মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি শান্তিপূর্ণ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী উজ্জ্বল সুমন পাটোয়ারী।

তিনি বলেন, ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সমান সুযোগ, মানবিক মর্যাদা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে চান। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

বদলকোট ইউনিয়নের কৃতী সন্তান উজ্জ্বল সুমন পাটোয়ারী সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি বিএনপির নোয়াখালী সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সাক্ষাৎকারে উজ্জ্বল সুমন পাটোয়ারী বলেন, “আমি বদলকোট ইউনিয়নের জনগণের পাশে থেকে অবহেলিত ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

মাদক ও জুয়া প্রসঙ্গে তিনি বলেন, এসব কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চান। একই সঙ্গে তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর সামাজিক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে উজ্জ্বল সুমন পাটোয়ারী বলেন, “দল আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বদলকোট ইউনিয়নের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।”

তিনি বলেন, উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বদলকোট ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বসবাসযোগ্য ইউনিয়নে রূপান্তর করতে কাজ করতে চান বলেও জানান তিনি।