বিজ্ঞাপন

মাছের প্রজনন রক্ষায় চাটখিলে বিশেষ অভিযান

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

দেশীয় মাছের প্রজনন রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ৩৫টি অবৈধ ভেসাল ও মশারি জালসহ পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বেশ কিছু অবৈধ স্থাপনা জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে চাটখিল পৌরসভা এবং পাঁচগাঁও, মোহাম্মদপুর ও বদলকোট ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালানো হয়।

এ সময় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা ২০টি ভেসাল জাল ও সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা উদ্ধার করা হয়। পাশাপাশি মাছের প্রজনন ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর ১৫টি মশারি জালও জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দ করা সব জাল ও অবৈধ স্থাপনা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, কিছু ব্যক্তি অবৈধ জাল ও স্থাপনা স্থাপন করায় খালে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে এসব স্থাপনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হচ্ছিল।

তিনি আরও বলেন, দেশীয় মাছের বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।