পরকোটবাসীর ভালোবাসায় চেয়ারম্যান হতে চান মুন্না

পরকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা জেহাদুল ইসলাম মুন্না
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতা জেহাদুল ইসলাম মুন্না। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছেন।
জেহাদুল ইসলাম মুন্না বলেন, এর আগেও তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় নির্বাচনে অংশ নিতে গিয়ে হামলা, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানি ও ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার দাবি করেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিগত সরকারের আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমি হামলা-মামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। নির্বাচনের সময় আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। কেন্দ্র দখল ও ভোট কারচুপির মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে আমি মনে করি।”
আগামী নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জেহাদুল ইসলাম মুন্না বলেন, নির্বাচিত হলে পরকোট ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পাশাপাশি মাদক, জুয়া, সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, “সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মডেল পরকোট ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
তবে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি বিএনপির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানা গেছে।













