নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সুপারিশের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি দুজন বেসরকারি সদস্য রাখা হয়েছে।
কমিটির বেসরকারি সদস্য হিসেবে রয়েছেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুফ উন নবী বাবু এবং চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুপারিশ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি বদলির আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানা গেছে।