নোয়াখালীর চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল-সোনাইমুড়ী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অফিসার মনজুর আহাম্মেদ ভূঁইয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্নাফ, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব এহসানুল হক মাসুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে এ এম মাহবুব উদ্দিন খোকন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুধু শিক্ষকদের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও সন্তানদের প্রতি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, নিয়মিত পড়াশোনা করছে কি না এবং কার সঙ্গে চলাফেরা করছে—এসব বিষয়ে অভিভাবকদের নজর রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।