দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। এ সময় বক্তব্য দেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসান হক মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা।
বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।