পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সদস্যদের পারিবারিকভাবে ফলজ গাছ চাষে উৎসাহিত করতে নোয়াখালীর চাটখিলে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্বীপ উন্নয়ন সংস্থার চাটখিল শাখার উদ্যোগে সদস্যদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় এসব চারা রোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার জন্য সদস্যদের উৎসাহিত করা হয়।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার চাটখিল এলাকার সিনিয়র এলাকা সমন্বয়কারী মো. মিজানুর রহমান এবং চাটখিল শাখার শাখা ব্যবস্থাপক মো. বখতিয়ার উদ্দিন।
সংস্থার সংশ্লিষ্টরা জানান, একটি ছোট চারা ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে মানুষের জন্য ছায়া, ফল এবং নির্মল পরিবেশের উৎস হতে পারে। তাই শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্ব দিতে হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে আরও বেশি করে ফলজ ও অন্যান্য গাছ লাগানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।