সোনাইমুড়ীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলা, র্যাবের অভিযানে মাঈন আটক
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাঈনকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাঈন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিকেলে সোনাইমুড়ী উপজেলার নজরপুর এলাকায় বেচা গাজীর বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু বকর ও তার ছেলে মো. ইউসুফের ওপর হামলা চালানো হয়। এ সময় মাঈনসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত আবু বকরের ছেলে মো. ইউসুফ বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলায় মাঈনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বেগমগঞ্জ থানার মজুমদার হাট এলাকার উষা কনফেকশনারির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাঈনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার মাঈনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।