চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কর্ণফুলী কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডের নূর জাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (ঈদগাঁও বাসস্ট্যান্ডের তারেক মেডিকোর স্বত্বাধিকারী তারেকের বাবা), মাইক্রোবাস চালক মুন্না এবং মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিফতা। আরেকজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীদের নিয়ে উখিয়া থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলী কলেজবাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান হঠাৎ ইউটার্ন নেয়। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।