নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ।
প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি পেশাগত দক্ষতা উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবার মান বৃদ্ধি এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এরপর অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার অভিবাদন গ্রহণের পাশাপাশি সদস্যদের কিট পরিদর্শন করেন। সদস্যদের নামে ইস্যুকৃত কিট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়।
এ সময় ড্রেস রোল অনুযায়ী সঠিক পোশাক পরিধান, কিটের যথাযথ ব্যবহার, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা বজায় রেখে কাজ করতে হবে।
পরে তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।