নোয়াখালী সুপার মার্কেট ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ প্রতিরোধে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নোয়াখালী সুপার মার্কেট ও চেম্বার অব কমার্স যৌথভাবে সভাটির আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরুজ আলম মতিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কেট এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, মালিক সমিতি, বণিক সমিতি, হকার্স মার্কেটের ব্যবসায়ী, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা, মার্কেট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।