সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের নিজস্ব উৎপাদন দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন তাই পুষ্টির নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি আত্মনির্ভরশীল এবং মেধা সমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদন বাড়িয়ে তা শিল্পে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব।
তিনি বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, টিকাদান, রোগ প্রতিরোধ ও উন্নত খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে দুই লাখের বেশি পোলট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চামড়াজাত পণ্য, হ্যাচিং এগ, হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রিপণ্য রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী হ্যাচিং এগ রপ্তানির সাফল্যের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা ‘বাচ্চা উৎপাদনক্ষম’ উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে।
খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি খামারিরা। তাঁদের শ্রম ও উদ্যোগের স্বীকৃতি দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
এ ছাড়া পশুপাখির প্রতি মানবিক আচরণ ও তাদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণিকে অস্বস্তিতে রাখা যাবেনা; ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানষিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, আমি আশা করি, অচিরেই দেশেরপ্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত