বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে উদ্যোগ নিয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি ওকালতনামাও জমা দেওয়া হয়েছে। তবে ওই স্বাক্ষরের সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তাঁর অভিযোগ, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডি ফেরত চেয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স।
জানা গেছে, শেখ হাসিনা সাধারণত বাংলায় স্বাক্ষর করেন। ফলে আবেদনে ব্যবহৃত স্বাক্ষরটি তাঁর কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে তাঁর বিস্তারিত কথা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার স্বাক্ষর একটি নির্দিষ্ট ধরনেই হয়ে থাকে। এনআইডিতে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর দিয়ে এ ধরনের আবেদন করার সুযোগ নেই। তাঁর দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি সব নথিতে বাংলায় স্বাক্ষর করেছেন।
ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনে ইংরেজি স্বাক্ষর ব্যবহারের বিষয়টি তুলে ধরে রাশেদ খাঁন প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলা না ইংরেজিতে স্বাক্ষর করেন, তা প্রতিষ্ঠানটির আইনজীবীরা অন্তত একবার যাচাই করে নেননি কেন।
তবে এ বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স কিংবা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত