জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছেন ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীও। এরই মধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই বিএনপির এই উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ বিষয়ে তারা কেন্দ্র থেকে চিঠি পাবেন। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজ নিজ এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি। পরে দলে ফিরতে তাদের অধিকাংশই আবেদন করেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত