দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি এক দিনের সফরে লালমনিরহাটের পথে রওনা হন।
সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত