আজ বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার সংখ্যা। চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার তথ্য পাওয়া গেছে।
এদিকে ওমানের উপকূলে তেলের ট্যাংকারে আগুন এবং হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে হামলার ঘটনায় নৌপথটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বা সমঝোতা হলেও মাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজ চলাচলের ঝুঁকি কমানো না গেলে এ পথে স্বাভাবিক বাণিজ্য ফিরতে সময় লাগতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই—এমন মন্তব্যের পর মঙ্গলবার তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমেছিল। তবে দুই দেশের মধ্যে আলোচনা চলছে না বলে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তার বক্তব্যের পর বাজারে আবার অনিশ্চয়তা তৈরি হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বাড়ার তথ্যও বাজারে প্রভাব ফেলছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের হিসাবে, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।
এ ছাড়া ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে বলে জানিয়েছে শিল্প খাতের সূত্রগুলো।
সূত্র: রয়টার্স
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত