চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল পুনরায় যাচাইয়ের আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল গত ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন এসেছে ৩৮ হাজার ৭৫টি।
ইংরেজি ও আইসিটি বিষয়ে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান জানান, গত দুই বছর ধরে পরীক্ষা আয়োজন থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়নের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইসিটি বিষয়ের পর্যাপ্ত শিক্ষক না থাকা একটি বড় সমস্যা। অনেক প্রতিষ্ঠানে এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হচ্ছে।
এ ছাড়া বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম কিছুটা কঠিন মনে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে।
বিজ্ঞান বিভাগের মধ্যে রসায়নের প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন এসেছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে আবেদন করা হয়েছে। সমাজকর্ম বিষয়ে আবেদন জমা পড়েছে ১ হাজার ৯৯৭টি।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। ওই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন।
পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী।
উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটবে লাখো শিক্ষার্থীর। ফলাফলে কোনো পরিবর্তন আসে কি না, এখন সেই অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত