রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, মসজিদের দানবাক্স চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ ও তথ্য অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে চাটখিলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কামরুল কানন, ইয়াছিন চৌধুরী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, স্বপন পাটোয়ারী ও মনির হোসেন সোহেলসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও উদ্বেগজনক।
তাঁরা বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধ করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত