নোয়াখালীর চাটখিলে কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাবনা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কর্মক্ষেত্রে অ্যাডভান্সড প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এ আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে শিক্ষক, ইমাম এবং সমাজের সচেতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান সবুজ। আলোচনায় প্রযুক্তির ব্যবহার, কর্মক্ষেত্রে এর প্রয়োগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, অধ্যক্ষ সাইফুল ইসলাম শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, চাটখিল প্রেসক্লাবের সহসভাপতি ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, প্রধান শিক্ষক মোরশেদ আলম, আমির হোসেন বিএসসি, আনোয়ার হোসেন বিএসসি, মনির হোসেন বিএসসি, অলি আলম চৌধুরী, মাওলানা ওমর ফারুক, অধ্যক্ষ লোকমান হেকিম এবং মাস্টার মামুন হোসেন।
বক্তব্যে সহকারী অধ্যাপক ও চাটখিল প্রেসক্লাবের সহসভাপতি জসিম মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার ল্যাব পরিচালনায় শিক্ষকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম, কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২, মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত