বিজ্ঞাপন

চাটখিলে রাস্তা কেটে টিউবওয়েল, প্রশাসনের হস্তক্ষেপ

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | দুপুর ১২:৪৪
শেয়ার করুন:

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে দারুন নাজাত মাদ্রাসার নিচে হাজী শাহজাহানের মার্কেটের সামনে সরকারি রাস্তা কেটে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, হাজী শাহজাহানের নির্দেশে সরকারি রাস্তার ওপর ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য রাস্তা কাটা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তবে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার দুই দিন পরও টিউবওয়েল স্থাপনের জন্য সরকারি রাস্তায় বসানো পাইপগুলো অপসারণ করা হয়নি। পাশাপাশি রাস্তার যে অংশটি খোঁড়া হয়েছে, সেটিও পুরোপুরি ভরাট করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার খোঁড়া অংশ ও স্থাপিত পাইপগুলো রেখে দেওয়া হলে ভবিষ্যতে আবারও সেখানে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হতে পারে। এতে সরকারি রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।

স্থানীয়রা সরকারি রাস্তার স্বাভাবিক চলাচল ও জনস্বার্থ নিশ্চিত করতে দ্রুত স্থাপিত পাইপগুলো অপসারণ এবং খোঁড়া অংশ সম্পূর্ণভাবে ভরাট করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি রাস্তা ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।