নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফের নেতৃত্বে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে চাটখিল থানাধীন ২ নম্বর নোয়াখোলা ইউনিয়নের শ্রীনগর সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মোঃ খোরশেদ আলম (৪০) ও তার স্ত্রী শারমিন আক্তার মনি (২৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার দুজন চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার আব্দুল কাদের মৌলভী বাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চাটখিল থানায় মামলা নম্বর-১৫ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফ বলেন, মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম, কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২, মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত