নোয়াখালীর সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান। এ সময় পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
বার্ষিক পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন পুলিশ সুপার।
এ সময় থানার বিভিন্ন শাখার কার্যক্রম, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিবিড়ভাবে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি অস্ত্রাগার ও মালখানা ঘুরে দেখে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য মালামালের রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট রেজিস্টার যাচাই করেন।
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
অপরাধ দমন কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করতে সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সোনাইমুড়ী থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম, কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২, মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত