বগুড়ার শিবগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে বাঁচাতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।
জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে তার সঙ্গে ছিলেন স্ত্রীও। সকাল ৯টার দিকে গাড়িটি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশে ধানখেতে নামিয়ে দেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ওই নারী ফিরোজাও কিছুটা আহত হয়েছেন। তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন, তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম, কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২, মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত