শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। তবে এইচএসসি পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ৬ জুন থেকেই শুরু হবে এইচএসসি পরীক্ষা।
আজ সোমবার (৩১ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রমজানের কারণে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পাঠ পুনরালোচনার সুযোগ নিশ্চিত করতেই রমজানের পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে নবম শ্রেণির শিক্ষার্থীদের রিভিউ ও প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতির মুখে ফেলতে চায় না। তাই বাস্তব পরিস্থিতি, রমজানের সময়সূচি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো বিবেচনা করে আগামী ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এইচএসসি পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।
এদিকে এসএসসি পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত