নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিনমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদ ভবন এলাকা পর্যন্ত এ সংঘাত চলে। সংঘর্ষ চলাকালে নোয়াখালী-কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীতে যুবদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত