চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা বাঁচা মঞ্চ আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের অ্যালাইনমেন্টের ধারণাপত্র এবং কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট-এডুকেশন সিটির ধারণাপত্রের ওপর ভিজ্যুয়াল উপস্থাপনাকে কেন্দ্র করে এ সেমিনারের আয়োজন করা হয়।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “এই সমস্যাটি বর্তমান সরকারের সৃষ্টি নয়। অতীতের সরকারের ভুল নীতি, দুর্নীতি এবং আমদানিনির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলেই এ সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি।”
তিনি বলেন, সংকট সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার বাস্তবায়নের সুফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা।
এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত