সাভারে ক্ষুদ্র সমবায় সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ঋণ ফেরত চাওয়ায় আহসান উল্লাহ স্বপন (৪২) নামে এক ব্যক্তির ওপর হামলা এবং পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার স্বপনের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্বপন সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি।
পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে একই এলাকার মো. ফারুক হোসেন ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী ১২০ দিনের মধ্যে ঋণ পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়েছে। টাকা ফেরত চাইলে ফারুক সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে স্বপনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রবিবার রাত ১টার দিকে এলাকায় লোডশেডিং চলাকালে বাড়ির গেটের সামনে হাঁটাহাঁটি করছিলেন স্বপন। এ সময় ফারুকসহ কয়েকজন সেখানে গিয়ে তার ওপর হামলা চালান। রফিক নামে একজন পেছন থেকে সুইচ গিয়ার দিয়ে তার ঘাড়ে আঘাত করেন। পরে নজরুল ও কুট্টি মোল্লা নামে দুজন রামদা দিয়ে তার মাথা, বাম গাল ও বাম হাতে আঘাত করেন।
স্বপনের ছেলে মেহেদী হাসান শ্রাবণের অভিযোগ, হামলার একপর্যায়ে তার বাবা মাটিতে পড়ে গেলে ফারুক ও তার ছেলে ফয়সাল ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর ও হত্যার হুমকি দিয়ে চলে যান বলে তিনি দাবি করেন।
পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাভার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। তখন তার অস্ত্রোপচার চলছিল। তাই বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও চিকিৎসকদের কাছ থেকে জেনেছি, স্বপনের পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। ক্ষুদ্রঋণ সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আহসান উল্লাহ স্বপনের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত